ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের মামলা প্রত্যাহার না করায় এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ এসেছে।
বরিশাল রেঞ্জের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে বুধবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তার স্ত্রী।
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজধানীর কাফরুলের বাসিন্দা ওই নারী বলেন, ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে আগের স্বামীকে ছেড়ে গত বছর ১ জুলাই পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার রাজপাশা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আজাদকে বিয়ে করেন তিনি।
আগের স্বামীর ঘরে তার দুই ছেলে-মেয়ে ছিল বলেও জানান তিনি।
ওই নারী বলেন, “কিন্তু বিয়ের পর সে (আজাদ) আমার কাছ থেকে যৌতুক হিসাবে আট লাখ টাকা নেয় এবং আমার মালকানায় থাকা বাড়িটি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।”
তিনি অভিযোগ করেন, বাড়ি লিখে না দিলে মোবাইলে ফোনে ধারণ করা ব্যক্তিগত মূহূর্তের ছবি ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেন এই পুলিশ কর্মকর্তা। মেরে ফেলার জন্য একদিন আজাদ তার মুখে তরল টয়লেট ক্লিনার ঢেলে দেন বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় গত ১৭ জানুয়ারি ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজাদের বিরুদ্ধে মামলা করেন জানিয়ে ওই নারী বলেন, “এ মামলায় গত ১ ফেব্র“য়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আজাদ মামলা না তুললে আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বরিশাল রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক আবদুর রহিম বলেন, “গত বছরের ১৭ অগাস্ট আজাদের স্ত্রী তার বিরুদ্ধে আমার কাছে একটি অভিযোগ করলেও পরে তা তুলে নেন।”
আজাদের বিরুদ্ধে গ্রেপ্তাারি পরোয়ানা সম্পর্কে কিছু জানা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি ।
তবে আজাদের আইনজীবী অমিত দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন এএসপি আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/০০৩৯ ঘ.
bdnews24