২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে এনজিওগুলোর কাগজপত্র দাখিলের নির্দেশ

বান্দরবানে কর্মরত বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) আগামী ২০ দিনের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

বান্দরবান, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে কর্মরত বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) আগামী ২০ দিনের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বান্দরবানের যুগ্ম জেলা জজ মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। এ জেলায় কর্মরত এনজিওগুলোর কার্যক্রমের স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করার আদেশ চেয়ে মঙ্গলবার এই আদালতে একটি মামলা করেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. বাদশা মিয়া মাস্টার ও স্থানীয় বাসিন্দা রুবেল দাশ। মামলায় এনজিও ব্যুরোর মহাপরিচালক এবং বান্দরবানে কর্মরত সব এনজিওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়। মামলার আবেদনে বলা হয়, বান্দরবানে কর্মরত এনজিওগুলো কী কী কার্যক্রম পরিচালনা করছে, এনজিওর গঠনতন্ত্র ও বিধি মোতাবেক সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং প্রাপ্ত অর্থবরাদ্দ জনকল্যাণে ব্যয় হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। মো. বাদশা মিয়া মাস্টার বলেন, এনজিওগুলো গঠনতন্ত্র মোতাবেক কাজ না করে আইন/গঠনতন্ত্র বহির্ভূত অনেক কাজ করছে। এতে তাদের কার্যক্রমে এলাকার ও জনগণের কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না। বাদি পক্ষের আইনজীবী মহিউদ্দিন বলেন, বান্দরবানে যেসব এনজিও রয়েছে তাদের কার্যক্রম নিয়ে জনমনে বিভ্রান্তি ও প্রশ্ন রয়েছে। তাদের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন, কী কী কাজ করছে তা জনসমক্ষে তুলে ধরার কথা থাকলেও এনজিও কর্তৃপক্ষ তা করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৫ ঘ.