বান্দরবান, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রমের স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করার আদেশ চেয়ে আবেদন করা হয়েছে আদালতে।
মঙ্গলবার বান্দরবানের যুগ্ম জেলা জজ মো. আসাদুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. বাদশা মিয়া মাস্টার ও স্থানীয় বাসিন্দা রুবেল দাশ।
মামলায় এনজিও ব্যুরোর মহাপরিচালক এবং বান্দরবানে কর্মরত সব এনজিওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
মামলার বরাত দিয়ে বাদী মো. বাদশা মিয়া মাস্টার বলেন, মামলায় এনজিওর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা নিশ্চিত করার আদেশ এবং তাদের আইন বর্হিভূত কার্যক্রম বন্ধ করতে আদালতের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়।
আবেদনে বলা হয়, বান্দরবানে কর্মরত এনজিওগুলো কী কী কার্যক্রম পরিচালনা করছে, এনজিওর গঠনতন্ত্র ও বিধি মোতাবেক সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং প্রাপ্ত অর্থবরাদ্দ জনকল্যাণে ব্যয় হচ্ছে কিনা তা স্পষ্ট নয়।
তিনি আরো বলেন, এনজিওগুলো গঠনতন্ত্র মোতাবেক কাজ না করে আইন/গঠনতন্ত্র বহির্ভূত অনেক কাজ করছে। এতে তাদের কার্যক্রমে এলাকার ও জনগণের কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না।
বাদি পক্ষের আইনজীবী মহিউদ্দিন বলেন, বান্দরবানে যেসব এনজিও রয়েছে তাদের কার্যক্রম নিয়ে জনমনে বিভ্রান্তি ও প্রশ্ন রয়েছে। তাদের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন, কী কী কাজ করছে তা জনসমক্ষে তুলে ধরার কথা থাকলেও এনজিও কর্তৃপক্ষ তা করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24