নরসিংদী, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র লোকমান হোসেন হত্যামামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে নরসিংদীর জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহান তাকে জামিন দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল।
এর আগে দুপুরে তিন দফা রিমান্ড শেষে নুরুলকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই সাহার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এর কিছু সময় পরই জেলা ও দায়রা জজের আদালতে তার জামিনের আবেদন হয়।
পুলিশ কর্মকর্তা মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, বিকাল ৩টায় নুরুলকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে তার আইনজীবী নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এ হাদীসহ ১০/১২ আইনজীবী জামিনের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আসাদুল্লাহ জামিনের বিরোধিতা করে আদালতে যুক্তি তুলে ধরেন।
এর আগে দুপুর দেড়টায় নূরুলকে হাকিম আদালতে হাজির করে তাকে পুনরায় হেফাজতে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন আদালতকে বলেন, তিন দফা জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরো জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
তবে আদালত এই আবেদন নাকচ করে নূরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন।
লোকমানের ভাই পৌরসভার বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা করেন, তাতে নূরুল ইসলামই একমাত্র বিএনপি নেতা।
গত ২৯ জানুয়ারি মালয়েশিয়া থেকে ফেরার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মামলার পাঁচ নম্বর আসামি নূরুলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৪৭ ঘ.
bdnews24