২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধ: ৩ মিনিটেই সাক্ষ্য শেষ

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় মঙ্গলবার ২৪তম সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে মাত্র তিন মিনিটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় মঙ্গলবার ২৪তম সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে মাত্র তিন মিনিটে। আসামী পক্ষ সাক্ষী মো. হোসেন আলীকে (৬৬) জেরা না করায় এবং প্রসিকিউশনের আর কোনো সাক্ষী উপস্থিত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি করা হয়েছে ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত। মঙ্গলবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর মামলার ২৪তম সাক্ষী হিসেবে আদালতে নিজের বক্তব্য উপস্থিত করেন মো. হোসেন আলী (৬৬)। অতি সংক্ষিপ্ত বক্তব্যে হোসেন আলী বলেন, ১৯৭১ সালে যশোরের বাঘারপাড়া এলাকায় সাঈদীকে ঘোরাফেরা করতে দেখেন তিনি। তিনি বলেন, “ওই এলাকার রাস্তায় তাকে দেখেছি আমি। এর চেয়ে বেশি আমার মনে নাই।” এর আগে এ মামলার এক সাক্ষী আদালতে বলেছিলেন, বাঘারপাড়া এলাকার বাসিন্দা রওশন আলী মুক্তিযুদ্ধের পরে সাঈদীকে আশ্রয় দিয়েছিলেন। এ বিষয়টি হোসেন আলীও সমর্থন করেছেন। তবে সাঈদীকে ওই এলাকায় যুদ্ধ শেষের আগে না পরে দেখেছেন, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তার দেওয়া বিবরণ অনুযায়ী, ওই সময় সাঈদী সাদা পাঞ্জাবি পড়তেন ও তার দাঁড়ি ছিলো। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আর কী জানেন- প্রসিকিউটর সাইদুর রহমানের এমন প্রশ্নের জবাবে হোসেন আলী বলেন, এটা ৪০ বছর আগের কথা, তাই সবকিছু মনে নেই। এরপর আসামিপক্ষ তাকে জেরা না করায় এবং প্রসিকিউশনের আর কোনো সাক্ষী উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। গত বছরের ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতে নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এই সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া এবং দলটির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে। এছাড়া একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/জেকে/১৬২০ ঘ.