খুলনা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিকুঞ্জের একটি বাড়ি থেকে গত শনিবার উদ্ধার হওয়ার হাত-পা বাঁধা গলিত লাশটির পরিচয় পাওয়া গেছে।
নিহতের নাম রফিকুল ইসলাম হিটলার (৩৬)। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পাটির্র (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকার মো. আজিজুল শেখের ছেলে তিনি।
সোমবার সকালে হিটলারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পরিবারে সদস্যরা সনাক্ত করার পর হাসপাতাল কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত হিটলারের বড় ভাই সাদিকুল ইসলাম স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-দুই এলাকার ২০ নং রোডের ছয় তলা ভবনের ছাদের একটি কক্ষ থেকে গত শনিবার হিটলারের গলিত লাশ উদ্ধার করা হয়।
অজ্ঞাত লাশ হিসেবে হিটলারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়েছিল।
মৃত্যুর আগে ঢাকার মিরপুরে একটি ভাড়া বাসায় তিনি স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। গত ২৬ জানুয়ারি ওই বাসা থেকে নিখোঁজ হন তিনি।
খুলনার দৌলতপুর থানার ওসি (চলতি দায়িত্ব) প্রদীপ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ বছর কারাভোগের পর ১৪ মাস আগে হিটলার খুলনা জেলখানা থেকে ছাড়া পেয়ে ঢাকায় চলে যান।
আওয়ামী লীগ নেতা এসএম রব হত্যাসহ তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। হিটলার নগর বিশেষ শাখার (সিটিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান পুলিশ কর্মকর্তা।
সোমবার মাগরিবের নামাজের পর পাবলা সবুজ সংঘ মাঠে নামাজে জানাজা শেষে হিটলারের লাশ গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩১১ ঘ.
bdnews24