২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের সিটি স্ক্যান করা হয়েছে

বৃহস্পতিবার এর প্রতিবেদন পাওয়ার পরই তার চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন লেখকের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:12 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সিটি স্ক্যান করা হয়েছে। বৃহস্পতিবার এর প্রতিবেদন পাওয়ার পরই তার চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন লেখকের স্ত্রী। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার স্ত্রী মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ জানুয়ারি অষ্টম কেমো থেরাপি শেষে চিকিৎসকরা হুমায়ূনের সিটি স্ক্যানের পরামর্শ দেন। সে অনুযায়ী, সোমবার রাতে তার সিটি স্ক্যান করা হয়। “রিপোর্ট দেবে ৯ ফেব্র“য়ারি। সেটা দেখেই চিকিৎসকরা পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করবেন”, বলেন শাওন। নিউ ইয়র্কের কুইন্সে একটি বাসা ভাড়া করে সেখানেই থাকছে হুমায়ূন পরিবার। একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন চিকিৎসার ফাঁকেফাঁকেই লেখা চালিয়ে যাচ্ছেন বলে তার স্ত্রী জানান। শাওন বলেন, এবারের বইমেলায় হুমায়ূনের যে ৭টি বই প্রকাশিত হচ্ছে, তার মধ্যে ৫টি ইতোমধ্যে লেখা হয়ে গেছে। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখির জন্য সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন, পান বাংলা একাডেমী পুরস্কার। তারপর ধীরে ধীরে দেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যেই কিছুদিন আগে ৬৩ বছর বয়সী এই লেখককে সরকার জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০০ ঘ.