২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না জানিয়ে কালভার্ট বানাবে না বিএসএফ

আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় খালের দু’পাড়ে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কালভার্ট নির্মাণ না করার প্রতিশ্র“তি দিয়েছে বিএসএফ, যা নিয়ে গত কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনা চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় খালের দু’পাড়ে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কালভার্ট নির্মাণ না করার প্রতিশ্র“তি দিয়েছে বিএসএফ, যা নিয়ে গত কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনা চলছিল। সোমবার ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকের পর বিএসএফের আশ্বাসের কথা সাংবাদিকদের জানান বিজিবি কুমিল্লা সেক্টরের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম। তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকে বিএসএফ বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া খালের ওপর কালভার্ট নির্মাণ করবে না বলে জানিয়েছে। বিএসএফ’র কাছে কালভার্টের নকশা চাওয়া হয়েছে। নকশাটি বিজিবি’র মাধ্যমে সরকারের কাছে পাঠানো হবে।” উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা স্থলবন্দর বিএসএফ ক্যাম্পে এই বৈঠক সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকের কারণে এদিন আখাউড়া স্থলবন্দরে তিন ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বৈঠকে বিজিবির পক্ষে কুমিল্লা সেক্টরের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম ও ত্রিপুরা বিএসএফ ডিআইজি (বর্ডার) বি এস রাওয়াত নেতৃত্ব দেন। বিজিবির ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও উপ-অধিনায়ক মেজর একরাম বৈঠকে ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বিএসএফ সীমান্তের শূন্যরেখায় যে রাস্তা তৈরি করছে বিজিবিও এই নমুনার একটি রাস্তা তৈরি করতে চায় বলে বৈঠকে বিএসএফকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৪৫ ঘ.