ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশে গুলশান-বনানী সংযোগ সেতু এলাকায় বস্তি উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
অভিযানের নেতৃত্বে থাকা রাজউকের ম্যাজিস্ট্রেট রোকনউদদৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বস্তিবাসীর স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে আধাঘণ্টা সময় দেওয়া হয়। এরপর তারা নিজেরাই মালামাল সরিয়ে নিতে শুরু করেন।”
তিনি জানান, গুলশান-বনানী সংযোগ সেতুর পশ্চিম পাশে ১২০টি এবং পূর্ব পাশে ১২টি পরিবার বসবাস করে আসছিল। স¤প্রতি হাইকোর্ট এই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেয়।
অভিযান চলাকালে রাজউক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপিস্থত ছিলেন। পূর্ব পাশের পরিবারগুলো তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় পুলিশ ও রাজউক কর্মীরা তাদের সহযোগিতা করেন।
রাজউকের বেশকিছু শ্রমিককে মাথায় লাল ফিতা বেঁধে সেতুর পশ্চিম পাশে বসে থাকতে দেখা যায় এ সময়।
রাজউকের গুলশান-বনানী লেক প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৫ জানুয়ারি হাইকোর্ট এই এলাকার বস্তি উচ্ছেদের নির্দেশ দিয়েছে। লেক থেকে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আরো দুই মাস অভিযান চলবে।”
বস্তিবাসীরা নিজেরাই মালপত্র সরিয়ে নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “উচ্ছেদে কেউ বাঁধা দেয়নি। ঝামেলাও হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/জেকে/১৫১০ ঘ.
bdnews24