২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটের মৌলভীবাজার জেলার সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি তিন দিন পর প্রত্যাহার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

মৌলভীবাজার, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের মৌলভীবাজার জেলার সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি তিন দিন পর প্রত্যাহার হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক মো. শাহজাহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে এবং রোগীদের মানবিক দিক বিবেচনা করে আমরা অর্নিদিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছি।” রোববার রাত ১১টার দিকে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মৌলভীবাজার শাখার এক সভায় এ সিদ্ধান্ত হয়। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত এক চিকিৎসকের মুক্তি ও জেলা প্রশাসক এবং ম্যাজিস্ট্রেটের প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার বিএমএ মৌলভীবাজার শাখা কর্মবিরতি শুরু করে। শুক্রবার সকাল থেকে জেলা সদর, ৭টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রায় দুইশ’ চিকিৎসক কর্মবিরতি পালন করে। এই কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃহস্পতিবার সরকারি দায়িত্ব ফেলে একটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার (ইএমও) চিকিৎসক মাহমুদুল আহমদ রনককে (৩৬) একমাস কারাদণ্ড দেয়। একই সঙ্গে ‘ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে’র ব্যবস্থাপক আসাদুজ্জামান তানিমকে (৩৫) একমাস কারাদণ্ড, প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠায় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৩৫ ঘ.