২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতুর সমঝোতা স্মারক ২১ ফেব্রুয়ারি

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতজনিত জটিলতার মধ্যে মালয়শিয়া সরকারের বিশেষ দূতের পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন এই কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে আগামী ২১ ফেব্রুয়ারি মালয়শিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে মালয়শিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার সংবাদ প্রকাশের পর দিন রোববার যোগাযোগমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে ২১ ফেব্রুয়ারি মালয়শিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণের সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশ সফর করে যাওয়া মালয়শিয়া সরকারের বিশেষ দূত দাতো সোরি এস স্যামি ভেলুর উদ্ধৃতি দিয়ে বারনামা শনিবার জানায়, আগামী ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণে তার দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হবে। বহু প্রতীক্ষিত এই সেতুর নির্মাণের প্রস্তুতির প্রক্রিয়ার ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী। এই সেতুর কাজ ফেলে না রাখার কথা জানিয়ে তিনি বলেন, এটি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। তাই দ্রুতই কাজটি শুরু করতে চাই। স্যামি ভেলু এই সেতু নির্মাণে তার দেশের আগ্রহের কথা গত ৩১ জানুয়ারি বাংলাদেশে সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। সফরে যোগাযোগমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। তাদের এ অভিযোগের তদন্ত করে দুর্নীতি দমন কমিশন বলেছে, তারা দুর্নীতির কোনো সত্যতা পায়নি। বিশ্বব্যাংকের নাম উল্লেখ না করে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, একটি ঋণদাতা সংস্থা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তার প্রমাণ দিতে না পারলে তাদের অর্থ সরকার নেবে না। বারনামার তথ্য অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণে ৬৬০ কোটি রিঙ্গিত ব্যয় হবে। মালয়শিয়ার শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান স্যামি ভেলু। এই প্রকল্পে অর্থায়ন নিয়ে তিনি বলেন, “কন্ট্রাক্টর এ প্রকল্পে অর্থায়নের জন্য দুবাইয়ের এক বিনিয়োগকারী পেয়েছে। তাদের মধ্যে এখন চূড়ান্ত পর্যায়ের সমঝোতা আলোচনা চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩২৫ ঘ.