মাদারীপুর, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে হোটেল মালিকের নির্যাতনের শিকার এক হোটেলকর্মী মারা গেছে।
রেজাউল মাদবর (৩২) নামে ওই হোটেল বয় রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জেলা শহরের সুমন হোটেলের ওই কর্মীকে এক সপ্তাহ আগে ব্যাপক মারধর করা হয়েছিল।
রেজাউল যশোর শহরের মনিহার সিনেমা হলের পাশের মতলেব মাদবরের ছেলে। তিনি মাদারীপুরে শ্বশুরবাড়িতে স্ত্রী ও তিন ছেলে নিয়ে থাকতেন।
রেজাউলের শ্বশুর তোয়াব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি আনা নিয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে রেজাউলের কথা কাটাকাটি হয়েছিল। এর জের ধরে হোটেল মালিক সেলিম মুন্সী, ম্যানেজার মাহালম মাদবরসহ তাদের সঙ্গীরা রেজাউলকে একটি কক্ষে আটকে বেদম পেটায়।”
দরিদ্র এই পরিবার বলছে, এ নিয়ে মামলা চালানোর সাধ্য তাদের নেই। তবে তারা এর বিচার দাবি করছে।
এ বিষয়ে হোটেলের মালিক সেলিম মুন্সী সাংবাদিকদের বলেন, “রেজাউল প্রথমে ম্যানেজার মাহালম মাদবরকে ঘুসি মারে। তখন সেখানে যারা ছিল, তারা তাকে দুই-একটি চড়-থাপ্পড় দেয়।”
রেজাউলকে এর বেশি মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, তিনি ঘটনাটি শুনে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24