২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষার্থীদের পেটালেন জাবি ছাত্রলীগ নেতা’

এবার কোনো কারণ ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেতা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার কোনো কারণ ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগের এক নেতা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামরাইয়ে একটি খেলা শেষে বাসে করে ক্যাম্পাসে ফেরার পরপরই প্রান্তিক গেটে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রলীগ নেতা সরকার মো. আসগর আলী ও সাঙ্গীদের মারধরের শিকার হন শিক্ষার্থীরা। গত ৮ জানুয়ারি ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন হাসপাতালে মারা যান তিনি। এরপর পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলাদাভাবে আন্দোলন শুরু করেন। আসগর ক্যাম্পাসে ‘ভিসিপন্থী ছাত্রলীগ’ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্কুল ও কলেজের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় জাবি স্কুল এন্ড কলেজের সঙ্গে ধামরাইয়ে মীর্জা গোলাম হাফিজ কলেজের ফাইনাল খেলা ছিলো। খেলায় রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে খেলোয়াররা মাঠ ছেড়ে চলে আসে। সন্ধ্যায় শিক্ষার্থীরা বাস থেকে প্রান্তিক গেটে নামার সঙ্গে সঙ্গেই আসগর ও তার সহযোগীরা বেল্ট খুলে শিক্ষার্থীদের এলোপাথারি মারতে থাকে। এসময় পাঁচ শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়। তাদেরকে থামাতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেন শিক্ষক আসাদুজ্জামান। পরে প্রায় শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। এ বিষয়ে সরকার মো. আসগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা বাস ভাঙ্গার চেষ্টা করছিল, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় তাই কিছু চড়-থাপ্পর দিয়ে তাদের সড়িয়ে দিয়েছি।” শিক্ষককে গালিগালাজ বিষয়ে তিনি জানান, ওই শিক্ষক শিক্ষার্থীদের ভাংচুরে উস্কানি দিচ্ছিলেন তাই তাকে স্থান ত্যাগ করতে বলেছেন। হামলার শিকার ও কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী রকিবুল হাসান হিমু জানান, শিক্ষার্থীরা বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই মারধর করা শুরু করে আসগর ও তার সাঙ্গপাঙ্গরা। শিক্ষার্থীরা বুঝতেই পারেনি কেনো তাদের পেটানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিষয়টি শুনেছি আরো বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২৪ ঘ.