২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে ‘পাচারের’ অভিযোগে গ্রেপ্তার বাবা

নিজের ছেলেকে ভারতে পাচারের একটি মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক স্থপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

লালমনিরহাট, ফেব্রয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছেলেকে ভারতে পাচারের একটি মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক স্থপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ স্থপতি এ কে এম নুরুল ফয়েজকে (৩৮) গ্রেপ্তার করে। ফয়েজ ঢাকার রমনা থানার ৮৭ নিউস্কাটন এলাকার ১৭/ডি, হোমটাউন ফ্লাটের বাসিন্দা। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম ইসতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক নুরুল ফয়েজের প্রাক্তন স্ত্রী নুশরাত ওয়াহিদের করা একটি পিটিশন মামলা ঢাকার সূত্রাপুর থানায় নথিভুক্ত হয়েছে। দেশে ফেরার সময় এ মামলায় তাকে আটক করা হয়েছে। বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ তানভীর হোসেন জানান, গত ২৪ জানুয়ারি আনান ইনতেসার বিন ফয়েজকে (৮) নিয়ে ফয়েজ ভারতের শিলিগুড়ি যান। সেখানে ভারতীয় হিমারিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম শ্রেণিতে আনানকে ভর্তি করে গত শুক্রবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। ফয়েজের বরাত দিয়ে তানভীর হোসেন আরো বলেন, নুশরাত ওয়াহিদের সঙ্গে তার আট বছর আগে বিয়ে হয়। চার বছর আগে তাদের বিয়ে ভেঙ্গে যায়। ছেলে আনানকে নিয়ে মামলায় ঢাকার এক আদালত রায় তার পক্ষে দেয়। ছেলের ভবিষ্যতের জন্যই তাকে ভারতের শিলিগুড়ি হিমারিয়ান ইন্টারন্যানাল আবাসিক স্কুলে ভর্তি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪৩ ঘ.