জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ‘উপাচার্যের আশ্বাসে’ সোমবারের কর্মসূচি স্থগিত করেছেন।
তবে আগের ঘোষণা অনুযায়ী রোববার তাদের গণসংযোগ কর্মসূচি চলবে। প্রতিশ্র“তি পূরণ না হলে এরপর তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
শনিবার বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশনের পর কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দেন শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন। আগের কর্মসূচি অনুযায়ী, সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্যের বরাবরে ‘খোলাচিঠি’ দেওয়ার কথা ছিল আন্দোলনরত শিক্ষকদের।
অনশন শুরুর আগে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা। ওই সময়ই উপাচার্য তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্র“তি দেন। এরপর অনশন কর্মসূচি শেষে স্ট্রিয়ারিং কমিটির বৈঠক করে সোমবারের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় ‘শিক্ষক সমাজ’।
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ৬ ফেব্র“য়ারি থেকে উপাচার্যের প্রতিশ্র“তির বাস্তবায়ন শুরু না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”
গত ৮ জানুয়ারি ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন হাসপাতালে মারা যান তিনি।
এরপর পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলাদাভাবে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া পদত্যাগ করতে বাধ্য হন। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নিরাপত্তা কর্মকর্তা মো. আজিম উদ্দিনকেও।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়।
শনিবারের প্রতীকী অনশনে অধ্যাপক নাসিম আখতার ছাড়াও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন, পদার্থবিদ্যার অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমান, গণিত বিভাগের অধ্যাপক শরীফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমানসহ অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- প্রক্টরিয়াল বডির পুর্নগঠন, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগ তদন্ত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও শিক্ষর্থীদের সন্ত্রাসের পথ গ্রহণের কারণ অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন, সমাবর্তন স্থগিতের দায় শিক্ষক সমাজের ওপর চাপিয়ে প্রকাশিত নোটিশ প্রত্যাহার, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুতর আপত্তি বিবেচনা করা ও নতুন নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা এবং ডিন, সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার্ড গ্রাজ্যুয়েট এবং উপাচার্য প্যানেলের মতো যেসব পদের মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব পদে দ্রুত নির্বাচন দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭০২ঘ.
bdnews24