২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্তর খননে এক মাস বন্ধ থাকবে বড়পুকুরিয়া

বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক লাখ ২০ হাজার টন কয়লা মজুদ রেখে ১৫ ফেব্র“য়ারি থেকে ১৫ মার্চ বন্ধ রাখা হবে এ খনির উত্তোলন। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনির দ্বিতীয় স্তর থেকে কয়লা তোলা শুরুর জন্য এক মাস উত্তোলন বন্ধ রাখা হবে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় স্তরের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের সুবিধার জন্য আগামী ১৫ ফেব্র“য়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ থাকবে।” ২০০৫ সালে এ খনিতে উত্তোলন শুরুর পর গত ছয় বছরে বড়পুকুরিয়া থেকে ৪২ লাখ টন কয়লা তোলা হয়েছে বলে জানান তিনি। কামরুজ্জামান জানান, উত্তোলন বন্ধ রাখা হবে বলে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাদে অন্য কোনো ক্রেতাকে কয়লা দেবে না কর্তৃপক্ষ। “বড়পুকুরিয়া খনির পাশেই পিডিবির ২৫০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য মজুদ রাখা হয়েছে এক লাখ ২০ হাজার টন কয়লা।” এ খনি থেকে প্রতি মাসে গড়ে ৭০ থেকে ৮০ হাজার টন কয়লা উত্তোলন করা হয়, যার ৮০ শতাংশ কেনে পিডিবি। বাকি ২০ শতাংশ ইটভাটার মালিকসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান কেনে। পিডিবি দৈনিক গড়ে আড়াই হাজার টন কয়লা কেনে জানিয়ে এমডি বলেন, “তাদের কাছে প্রতি টন কয়লা ৮৪ ডলারে এবং অন্য ক্রেতাদের কাছে ১৩০ ডলারে বিক্রি করা হয়।” কামরুজ্জামান বলেন, “উন্নয়ন কাজ শেষে দ্বিতীয় দফায় কয়লা উত্তোলন শুরু হলে পিডিবিকে প্রতি টনের জন্য ১১০ ডলার দিতে বলা হয়েছে। তারা এর কমে কিনতে চাইলে খনির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।” জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের (জিএসবি) জরিপে ১৯৮৫ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হয়। প্রায় ৫ দশমিক ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খনিতে আনুমানিক ৩৯০ মিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে। এ খনিতে বাণিজ্যিক উত্তোলন শুরু হয় ২০০৫ সালের সেপ্টেম্বরে। কয়লা আহরণে খনিতে এ পর্যন্ত ৩৫টি গভীর সুড়ঙ্গ খনন করা হয়েছ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮৪৯ ঘ.