ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন নীতি নির্ধারণ কিংবা দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততার বিকল্প নেই বলে মত দিয়েছেন পরিবেশ আন্দোলনের নেতারা।
শনিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ রেহমান সোবহান চলনবিল ও বড়াল নদীসহ বিভিন্ন স্থানের পরিবেশ বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন, “এই বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার সমাজের দরিদ্র মানুষ।”
বাপার সাংগঠনিক সম্মেলন ও ৯ম সাধারণ সভার এ উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, “যেহেতু আমাদের উন্নয়ন পরিকল্পনা জনঅংশগ্রহণমূলক নয় সেহেতু এটা কখনোই টেকসই হতে পারে না।”
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন, “গত ৪০ বছরে আমরা টেকসই উন্নয়নে অনেকখানি পিছিয়ে গেছি। যদিও পরিকল্পনায় আমরা অনেক বেশি এগিয়ে ছিলাম।”
এই ব্যর্থতার জন্য উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততার অভাবকে দায়ি করে তিনি বলেন, “টেকসই উন্নয়নের একটি বড় বিষয় হচ্ছে জনসম্পৃক্ততা। অথচ আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সে বিষয়টি একেবারেই উহ্য থেকেছে।”
তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, নয়টি বড় শাখানদী, ২১টি ছোট নদী ও খালের উৎস এবং চলনবিলের পানির প্রধান উৎস বড়াল নদীতে ১৯৮৫ সালের পর আটটি স্লুইস গেইট এবং চারটি ক্রসবাঁধ নির্মাণ করায় এই নদী আজ মৃত্যুমুখী।
রামপালে তাপ-বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য ভারতের সঙ্গে করা চুক্তির বিরোধিতা করে এই অর্থনীতিবিদ বলেন, “রামপালে যে চুক্তিটা হয়েছে তাতে বাংলাদেশ বিনিয়োগ করবে ১৫ শতাংশ, ভারত ১৫ শতাংশ এবং অন্যান্য বিদেশী কোম্পানী বাকি ৭০ শতাংশ। কিন্তু এখানে ৫০ শতাংশ মালিকানা ভারতের।”
বড়াল নদী এবং চলনবিল আন্দোলনের সমন্বয়কারী এসএম মিজানুর রহমান বলেন, “গেটগুলো খুলে দিতে প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আবার এই নদীটাকে চিহ্নিত করা হয়েছে অবক্ষয়িত জলাশয় হিসাবে। ”
পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর প্রীতিলতা ওয়াদ্দেদার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরআরডি/পিডি/১৮২৬ ঘ.
bdnews24