২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দফা দাবিতে জাবি শিক্ষকদের অনশন

জুবায়ের আহমেদ হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের আহমেদ হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে প্রতীকী অনশন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষকরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘শিক্ষক সমাজ’ এর ব্যানারে এই অনশন শুরু হয়। এ সময় শিক্ষকরা দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুয়ারের আহমেদ নিহত হওয়ার ঘটনায় গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয় এ সময়। শিক্ষকদের এ কর্মসূচি বিকাল ৪টা পর্যন্ত চলে। গত ৮ জানুয়ারি ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন হাসপাতালে মারা যান তিনি। এরপর পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আলাদাভাবে আন্দোলন শুরু করেন। শিক্ষক সমাজের আহ্বায়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত দফা দাবি আদায়ের ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।” পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন, পদার্থবিদ্যার অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমান, গণিত বিভাগের অধ্যাপক শরীফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমানসহ অর্ধশতাধিক শিক্ষক এ অনশন কর্মসূচিতে অংশ নেন। জুবায়ের হত্যার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর এবং তার প্রশাসন কঠোর সমালোচনার মুখে পড়েন এবং শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া পদত্যাগ করতে বাধ্য হন। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নিরাপত্তা কর্মকর্তা মো. আজিম উদ্দিনকেও। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষকরা শনিবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে দাবির বিষয়গুলো তুলে ধরেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭০২ঘ.