বরগুনা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে বনভোজনের আয়োজন করায় বরগুনার পাথরঘাটায় শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাথরঘাটা পৌর এলাকা ও সদর ইউনিয়নে এ আদেশ জারি করেন। শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
ইউএনও মো. সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি শনিবার সকালে পর্যটন কেন্দ্র হরিণঘাটায় পূর্বানুমতি না নিয়ে বনভোজনের আয়োজন করে। অপরদিকে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগও একই স্থানে একই সময়ে বনভোজনের উদ্যোগ নেয়।
“তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে” বলেন ইউএনও।
পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে বলেন, বনভোজনের নামে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন জোরদারের লক্ষ্যে পাথরঘাটা উপজেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করতে চেয়েছিল।
আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বনভোজন করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই ইউএনও এ সিদ্ধান্ত নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24