চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অনৈতিক সম্পর্কের জেরে’ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক ইউপি সদস্য খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় হরিশপুর ইউনিয়নের বাতেন মার্কেটের সামনে এ হামলায় নিহত হন আবু হানিফ (৩৬)।
স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই ইউপি সদস্য এলাকার প্রয়াত আব্দুল বাতেনের ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মনোয়ারা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ফরিদ নামে এক ব্যক্তির স্ত্রী মনোয়ারার সঙ্গে হানিফের অনৈতিক সম্পর্ক ছিল।
এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো এক সময় ফরিদ তার সন্ত্রাসী সাঙ্গপাঙ্গ নিয়ে কিরিচ দিয়ে কোপালে ঘটনাস্থলে হানিফের মৃত্যু হয়।
হানিফের মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24