গাজীপুর, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের টঙ্গীতে ট্রাক শ্রমিকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশ বক্স ও রেকার ভাংচুরও করেছে।
শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্টেশন রোড এলাকায় এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে।
আহতরা হলেন- সার্জেট আকরাম হোসেন, টঙ্গী থানার হাবিলদার আব্দুল হাই ও কনস্টেবল মহিউদ্দিন। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে সড়কের উপর দাঁড়ানো একটি ট্রাক সরিয়ে নিতে চালককে বলেন সার্জেট আকরাম। কিন্তু চালক ট্রাকটি না সরিয়ে সার্জেন্টের সঙ্গে বাকবিত-া শুরু করেন।
“পরে সার্জেট ওই চালকের কাছে কাগজপত্র চাইলে তিনি (চালক) পাশের ট্রাকস্ট্যান্ড থেকে প্রায় অর্ধশত শ্রমিক নিয়ে এসে পুলিশের একটি রেকার ও স্থানীয় পুলিশ বক্স ভাংচুর করেন।”
তিনি আরো জানান, ভাংচুরের খবর পেয়ে টঙ্গী থানার দুই কনস্টেবলসহ ওই সার্জেন্ট এগিয়ে গেলে শ্রমিকরা তাদের উপরও হামলা চালায়। পরে টঙ্গী থানা পুলিশ ট্রাকের চালক লেহাজ উদ্দিনকে গ্রেপ্তার এবং ট্রাকটি আটক করে।
হামলাকারী অন্য ট্রাকের শ্রমিকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২৭ ঘ.
bdnews24