লক্ষ্মীপুর, ফ্রেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরান এক পলাতক আসামিকে অস্ত্রসহ ধরিয়ে দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে রামগঞ্জ বাইপাস সড়কের আয়েশা শপিং কমপ্লেক্সে ইরানের নিজের অফিস থেকে গ্রেপ্তার হন মো. সুমন (৩৪)।
আটককৃত সুমন রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরাগাঁও গ্রামের পাটোয়ারী বাড়ীর শামসুর নুর পাটোয়ারীর ছেলে।
তার কাছ থেকে ৫ রাউন্ড তাজা গুলি ও যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নাম প্রকাশ না করে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, যুবলীগ নেতার সঙ্গে কথা বলার সময় পুলিশ অফিসটি ঘেরাও করে সুমনকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশের সামনে দিয়ে যুবলীগ নেতা ইরান পালিয়ে যায় গেলেও পুলিশ তাকে আটক করেনি।
সুমন সাংবাদিকদের বলেন, ইরান তাকে খবর দিয়ে তার অফিসে কাজের কথা বলে যেতে বলায় তিনি ওখানে যান।
রামগঞ্জ থানার ওসি রেজাউল করীম ভুঁইয়া বলেন, গ্রেপ্তার সুমন রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলার ডাকাতি, অস্ত্রসহ কার্তিক হত্যা মামলার পলাতক আসামি।
তিনি আরো বলেন, “যুবলীগ নেতা তাকে এ আসামিকে গ্রেপ্তারে সহায়তা করেছেন। তাকে গ্রেপ্তার করব কেন?”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24