শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১২ এর সিলেট বিভাগীয় প্রতিযোগিতা শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সকালে জাতীয় সংগীত পরিবশেন ও জাতীয় পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিলেট বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছিল পদার্থ বিজ্ঞানের উপর একঘণ্টার এমসিকিউ পরীক্ষা, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
ফিজিক্স অলিম্পিয়াড সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইয়াসমিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাদ মোমিন, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সেক্রেটারি জাহাঙ্গীর মাসুদ প্রমুখ।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান পড়ার কোনো বিকল্প নেই। তিনি ক্ষুদে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চার আহবান জানান।
প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ৬০ জন শিক্ষার্থীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24