২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে ব্যবসায়ীর লাশ

সেগুন বাগিচার একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া শাহেদ-উদ-দৌলার পরিবারের দাবি, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এই ব্যক্তি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা থানা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শাহেদ-উদ-দৌলা বিদ্যুত (৪২) দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক আসাফ-উদ-দৌলা রেজার ছেলে। তার দেহে আঘাতের কোনো চিহ্ন না পাওয়ার কথা পুলিশ জানালেও পরিবার বলছে, বিদ্যুত পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর ১টার দিকে সেগুন বাগিচার হোটেল চট্টলার তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের মালিক আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেলের কর্মীরা ওই কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বেলা ১২টার দিকে থানায় খবর দেয়। “পুলিশ গিয়ে দরজার ওপরে থাকা ভেনটিলেটর ভেঙে ছিটকিনি খুলে খাটের পাশে মেঝেতে পড়ে থাকা অবস্থায় বিদ্যুতের মৃতদেহ উদ্ধার করে।” নিহতের গায়ে ধারালো আঘাতের কোনো চিহ্ন নেই বলে ওসি জানান। তবে তিনি বলেন, কপালে, পিঠে এবং পাঁজরে কালচে দাগ দেখা গেছে। এসব দাগ কীভাবে হল এবং মৃত্যুর কারণ কী- তা ময়না তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে মনে করছেন ওই পুলিশ কর্মকর্তা। হোটেলের মালিক জানান, ২০১০ সালের জুলাই মাস থেকে হোটেলের নতুন ২ (পুরাতন ১৫ নম্বর) কক্ষে অবস্থান করে আসছেন বিদ্যুত। “এ হোটেলে একজন স্থায়ী সেবাগ্রহিতা তিনি। তিনি প্রতিদিন সকাল ৯টা-১০টার দিকে বের হয়ে যেতেন, ফিরতেন গভীর রাতে, তবে গত তিন মাসের অধিকাংশ সময় তিনি হোটেলের বাইরে কাটিয়েছেন,” বলেন তিনি। হোটেল মালিক জানান, বিদ্যুত হোটেলের নিবন্ধন খাতায় পেশা ব্যবসা লিখতেন। তবে কী ব্যবসা তা জানাতে পারেননি আজগর। তিনি বলেন, মৃত্যুর খবর পেয়ে বিদ্যুতের কয়েকজন আত্মীয়স্বজন আসেন। স্বজনরা হোটেল মালিককে বলেছেন, বিদ্যুত বেশ কয়েক মাস ধরে পারিবারিক সমস্যায় ছিলেন। ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত শাহেদ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি বগুড়ার শেরপুরের ধনকুণ্ডী গ্রামে। বিদ্যুতের ভাই আরিফ উদ দৌলা দাবি করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধানমণ্ডি এলাকার সংসদ সদস্য ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিল বিদ্যুত। ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এক বিরোধ থেকে তাকে (বিদ্যুত) ভয়ভীতি দেখানো হচ্ছিল।” বিদ্যুত আগামী সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিল বলে আরিফ জানান। তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণেই বিদ্যুতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা মনে করছেন। অব্বিাহিত বিদ্যুত আট বোন এবং সাত ভাইয়ের মধ্যে ষষ্ঠ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/কিউএইচ/এমআই/২১১৬ ঘ.