ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আট কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শাতে বলা হয়েছে কেন্দ্রীয় কমিটির দুই নেতাকেও।
বৃহস্পতিবার রাতে উদ্যানে একুশে বইমেলার খাবারের দোকান বসানো নিয়ে সংঘর্ষের পর শুক্রবার সকালে ছাত্রলীগের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানান সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বহি®কৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার রাশেদ, ধ্র“ব, মামুন ও মোহাম্মদ এবং একুশে হলের রাকিব, রকি, রাশেদ ও শরীফ।
আর ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দীন রাসেল ও আন্তর্জাতিক সম্পাদক শহীদুল ইসলামকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
ছাত্রলীগ সভাপতি সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় দুই নেতা যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা কর্মীরা জানান, একুশে গ্রন্থমেলায় খাবারের দোকান বসানো নিয়ে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাসহ ছয় জন আহত হন।
অবশ্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলছেন, খাবারের দোকান নিয়ে নয়, সংঘর্ষ হয়েছে উদ্যানে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে।
ঘটনার সময় পাশেই ব্যাডমিন্টন খেলা চলছিল বলে উদ্যানের নিরাপত্তাকর্মীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০০ ঘ.
bdnews24