টাঙ্গাইল, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক সরকার উৎখাতের একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় সেনাবাহিনীর প্রশংসা করে ভবিষ্যতে এই ধরনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে সাজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর (এএমসি) সেন্টার অ্যান্ড স্কুলকে পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জিল্লুর বলেন, অনেক ত্যাগ তিতিক্ষা ও আত্মত্যাগের পর দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো অপচেষ্টা কারো কাছেই কাম্য নয়।
“গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এবং বাধাগ্রস্ত করার সা¤প্রতিক একটি ঘৃণ্য প্রচেষ্টা আমাদের সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সদা সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি কমান্ড চ্যানেল অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি,” বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের জাতীয় পতাকা বহন করার যোগ্যতা অর্জন করা যে কোনো সামরিক ইউনিটের জন্য দুর্লভ ও বিরল সম্মান।
“জাতির এই আস্থা ধরে রাখার জন্য আপনারা সবসময় সচেষ্ট এবং য়ে কোনো ত্যাগ শিকারে প্রস্তত থাকবেন,” বলেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবিন, বিমান বাহিনীর প্রধান ও নৌ-বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সামরিক চিকিৎসা সার্ভিসের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু সরকারের সময় সামরিক চিকিৎসা সার্ভিসের যে যাত্রা শুরু হয়েছিল পরে তা বিস্তৃত হয়। বঙ্গবন্ধুর উদ্যোগেই আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির মতো কার্যকর ইউনিটগুলো প্রতিষ্ঠা লাভ করে।
ঢাকা সিএমএইচ আধুনিকায়ন এবং কুর্মিটোলায় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১১ ঘ.
bdnews24