২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যামামলায় আশিকের জামিন আবেদন নাকচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যামামলার প্রধান আসামি খন্দকার আশিকুল ইসলাম জামিন চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যামামলার প্রধান আসামি খন্দকার আশিকুল ইসলাম জামিন চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র আশিক বৃহস্পতিবার ঢাকার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে জামিন চেয়ে আবেদন করেন। বিচারক সেই আবেদন নাকচ করেন। গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী জুবায়েরকে কুপিয়ে আহত করে একই সংগঠনের একদল কর্মী। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র আশিককে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৪ জানুয়ারি তাকে পাঁচ দিনের জন্য হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলায় এখন পর্যন্ত চার আসামি গ্রেপ্তার হয়েছে। দুই আসামি প্রাণীবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র মাহবুব আকরাম এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র নাজমুস সাকিব তপু হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে। দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ছয় জনকে। জুবায়ের হত্যাকাণ্ডের পর মামলার তিন জনকে আসামি করা হলেও এর সঙ্গে আরো ১০ জনের নাম যোগ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে জুবায়েরের ভাই অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার মূল পরিকল্পনাকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক সৈয়দ শাহীন শাহকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। “আমি এ অভিযোগের কোনো জবাব দেব না। আপনারা যা খুশি লিখতে পারেন,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫০ ঘ.