২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির প্রশ্নে ভুলের ঘটনা তদন্তের নির্দেশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে বোর্ড চেয়ারম্যানদের এ ঘটনা তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার এসএসসি পরীক্ষার প্রথম দিন চারটি জেলায় বাংলা ১ম পত্রের ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণ করে আধ ঘণ্টা পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও কয়েক কেন্দ্রে ভুল প্রশ্নেই পরীক্ষা চলে।। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বেশ কিছু এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০১১ সালের সিলেবাসের প্রশ্নপত্রে ২০১২ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কোথাও কোথাও ভিন্ন প্রশ্নে কিছুক্ষণ পরীক্ষা নেওয়ার পর আবার প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে অনেক পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি এবং ভূক্তভোগী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “এসএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।” বিভিন্ন স্থানে যেসব কেন্দ্র সচিব বা শিক্ষক বা কর্মকর্তার অসতর্কতা বা কর্তব্যে অবহেলার কারণে এ ধরণের ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্যে শিক্ষা মন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের প্রতি নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দোষী কেন্দ্র সচিব বা শিক্ষক বা কর্মকর্তাদের বিরুদ্ধে শিগগিরই বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতের অন্য পরীক্ষায় যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সংশি¬¬ষ্ট সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভূক্তভোগী পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এসএসসি পরীক্ষা শুরুর দিনে যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন। এ প্রসঙ্গে তিনি বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যারা ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না। ওই পরীক্ষাই বহাল রাখা হবে। ” “পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। তাদের ঘাবড়ানোরও কিছু নেই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৩১৯ ঘ.