চাঁদপুর, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত বিএনপি’র দুই কর্মীর পরিবারে শোকবার্তা পাঠিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
এছাড়া তার পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দু’লাখ টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
বুধবার বিকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব মো. শাহজাহান চাঁদপুর সদরের বাবুরহাট গ্রামের নিহত আবুল হোসেন মৃধা ও শহরের গুয়াখোলার নিহত লিমন ছৈয়ালের পরিবারকে শোকপত্র ও টাকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংসদ হারুনুর রশিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবু, জেলা বিএনপি সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক প্রমুখ।
মো. শাহজাহান বলেন, “আমরা বিএনপি চেয়ারপার্সনের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। ম্যাডাম আপনাদের কাছে শোকপত্র পাঠিয়েছেন এবং দুই লাখ করে টাকা দিয়েছেন।”
রোববার চাঁদপুর শহরে বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে লিমন ছৈয়াল (২২) ও আবুল কাশেম মৃধা (৫০) পুলিশের গুলিতে নিহত এবং শতাধিক আহত হয়।
শহরের বাবুরহাট এলাকার বাসিন্দা কাশেম রিকশা চালিয়ে সংসার চালাতেন।
এ ঘটনায় পুলিশ সোমবার নিহত দুই কর্মীসহ বিএনপির ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24