ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্তের নির্ধারিত সময় পার হলেও খাদ্য অধিদপ্তরের দুটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত কমিটির সদস্যরা একসঙ্গে বসতে পারেনি।
গত ২৮ জানুয়ারি গঠিত এ কমিটির তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কাজ সম্পূর্ণ না হওয়ায় কমিটির মেয়াদ আরো সাতদিন বাড়ানো হয়েছে বলে বুধবার জানান খাদ্য সচিব বরুণ দেব মিত্র।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির প্রধান খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার পারিবারিক কারণে ছুটিতে থাকায় পূর্ণ কমিটি এখনো কাজ শুরু করতে পারেনি।
“বুধবার তার ছুটি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে তিনি কাজ শুরু করবেন।”
গত ২৭ জানুয়ারি খাদ্য অধিদপ্তরের সহকারী উপ- খাদ্যপরিদর্শক ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং ভোরে কুড়িগ্রামে আটজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কুড়িগ্রামের জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
খাদ্য সচিব জানান, কমিটির অন্য দুই সদস্য ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। তারা বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং গ্রেপ্তার হওয়া ছাত্রদের কাছে পাওয়া প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করেছেন। তারা এগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছেন।
তিনি বলেন, “দুটি প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।”
তদন্ত কমিটির সদস্য খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) বদরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়া প্রশ্নপত্র সংগ্রহ হলেও এখনো অধিদপ্তর থেকে প্রশ্নপত্র সংগ্রহ করা যায়নি। তাই দুটি প্রশ্নপত্র মেলানো যায়নি।
বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিন সদস্যের তদন্ত কমিটিতে অন্যজন হলেন খাদ্য বিভাগের উপসচিব আতাউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৯৩৫ ঘ.
bdnews24