ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ে সুইডেন থেকে ফেরার পর বৃহস্পতিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্টিবিদ সিদ্দিকা কবীরের দাফন হবে।
সিদ্দিকার বাসার তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর ইস্কাটন গার্ডেন জামে মসজিদে ম্যাডামের জানাযা শেষে তাকে দাফন করা হবে।”
মেয়ে জেরীন কবীর সুইডেন থেকে না ফেরা পর্যন্ত লাশ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে বলেও জানান রাজ্জাক।
পুষ্টিবিদ ও টেলিভিশনে রান্না বিষয়ক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক সিদ্দিকা কবীর মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
সিদ্দিকা কবীরের জন্ম পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ই রেডিওতে খণ্ডকালীন চাকরিতে যোগ দেন এই গণিতের ছাত্রী। স্নাতক ডিগ্রি পাওয়ার পর প্রথমে ভিকারুননিসা নূন স্কুল এবং পরে ইডেন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে মাস্টার্স করার পর দেশে ফিরে তিনি সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজে। সেখান থেকেই ১৯৯৩ সালে তিনি অবসরে যান।
তবে পুষ্টিবিদ হিসেবে সাধারণের কাছে তার পরিচয় পৌঁছাতে শুরু করে রান্না বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে। ১৯৬৫ সালে তখনকার পাকিস্তান টেলিভিশনে ‘ঘরে বাইরে’ নামে একটি রান্নার অনুষ্ঠানের মাধ্যমে তার টিভি উপস্থাপনার শুরু। দেশে বেসরকারি টেলিভিশনগুলোর প্রসারের সঙ্গে সঙ্গে সিদ্দিকা কবীর ও তার রান্নার আনুষ্ঠানের জনিপ্রিয়তাও বাড়তে থাকে।
তার লেখা ‘রান্না খাদ্য পুষ্টি’ বইটিও দেশে ব্যাপক খ্যাতি পায়। এছাড়া ইংরেজিতেও রান্নার ওপরে একটি বই লিখেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৭০৬ ঘ.
bdnews24