চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে ভুজপুর থানার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় দে (২৭) ভুজপুরের নিশ্চিন্তাপুর গ্রামের অনীল চন্দ্র দের ছেলে। দুর্ঘটনায় আহত হন তার ভাতিজি অ্যাপোলো দে (১৭)।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজয় তার ভাতিজিকে নিয়ে মোটর সাইকেল করে ভূজপুর থানার হেঁয়াকো বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে চট্টগ্রামমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অজয় মারা যান। আহত অ্যাপোলো দেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এসইউ/১৪৩৪ ঘ.
bdnews24