২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বারে বোমামামলার নথি ঢাকায় পৌঁছেনি ৪ মাসেও

মামলার নথি ও আলামত চার মাসেও ঢাকায় না পৌঁছানোয় থমকে আছে গাজীপুর আইনজীবী সমিতিতে জেএমবির বোমা হামলার বিচার, যে ঘটনায় চার আইনজীবীসহ ৯ জন নিহত হন। জানাচ্ছেন প্রকাশ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:33 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার নথি ও আলামত চার মাসেও ঢাকায় না পৌঁছানোয় থমকে আছে গাজীপুর আইনজীবী সমিতিতে (বার) জেএমবির বোমা হামলার বিচার, যে ঘটনায় চার আইনজীবীসহ ৯ জন নিহত হন। গত অক্টোবরে গাজীপুরের আদালত থেকে এ মামলার ‘কেইস ডকেট’ এবং আলামত ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে বলা হলেও তা পৌঁছেনি বলে জানান এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, “ওই আদালতের পিপি এবং কোর্ট ইন্সপেকটর মামলার প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় না পাঠিয়ে আটকে রাখায় বিচার শুরু করা যাচ্ছে না। অথচ দ্রুত বিচারের জন্যই মামলাটি ঢাকায় পাঠানো হয়েছিল।” অনুসন্ধানে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা গত বছরের ৩ অক্টোবর গাজীপুরের বিভিন্ন অতিরিক্ত জেলা জজ আদালত থেকে ‘জনগুরুত্ব সম্পন্ন’ ও ‘চাঞ্চল্যকর’ ১৭টি মামলা ঢাকার তিনটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর গেজেট জারি করে। এ প্রজ্ঞাপন ঢাকা, গাজীপুরের পুলিশ, আদালত ও সরকারি আইন কর্মকর্তাদের দপ্তরে পৌঁছানো হয় গত বছরের ১৮ ডিসেম্বর। কিন্তু গাজীপুরের আদালত থেকে বোমা হামলাসহ ৬টি মামলার নথি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পৌঁছেনি জানুয়ারিতেও। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি রফিকুল জানান, বিষয়টি তিনি স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়েছেন। অন্যদিকে গাজীপুরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার কোনো আদালতের কোনো চিঠি (রিক্যুইজিশন) তিনি পাননি। এ কারণে মামলার নথি তিনি পাঠাতে পারছেন না। “আমি ইচ্ছে করে কোনো নথি আটকে রাখিনি। এ রকম গুরুত্বপূর্ণ কাগজপত্র তো হাওয়ায় উড়িয়ে দিতে পারি না”, বলেন তিনি। তবে রফিকুলের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার নির্দেশের পর ঢাকার আদালতের পক্ষ থেকে নতুন করে কোনো রিক্যুইজিশন পাঠানোর দরকার নেই। গাউন গায়ে আইনজীবীর বেশ ধরে ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুই নম্বর হলে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী সদস্য আসাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ। এতে এই জেএমবি সদস্যসহ আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নূরুল হুদা, আনোয়ারুল আজিম, বিচারপ্রার্থী আব্দুর রব, বছির উদ্দিন, মর্জিনা আক্তার ও শামছুল হক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ওইদিনই জয়দেবপুর থানায় একটি মামলা হয়। এর দুই বছর পর ২০০৭ সালের ৪ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জেএমবি নেতা এনায়েত উল্লাহ জুয়েল, আরিফুর রহমান আরিফসহ ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে এ মামলার আসামিদের মধ্যে শায়খ আবদুর রহমান ,আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ সিরাজকে ঝালকাঠির বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আরেক আসামি মোল্লা ওমর শাকিল কুমিল্লার একটি ঘটনায় নিহত হন। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/পিবি/জেকে/১১১৫ ঘ.