আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত মাসে বিমানের ফ্লাইটসূচিতে সৃষ্টি হওয়া জট ‘ইচ্ছাকৃত’ বলে সন্দেহ করা হচ্ছে। আর তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
নিয়ম ‘না মেনে’ তড়িঘড়ি একটি উড়োজাহাজ ভাড়া করা এই সন্দেহের কারণ। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি সামাল দিতে নিয়ম মেনেই নতুন বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি ভাড়া নেয়া হয়েছে।
পর্তুগালের বিমান সংস্থা এয়ার আটলান্টা থেকে ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১২ সেপ্টেম্বর মাস্কাট থেকে নিজ দেশে উড়াল দিলে হজের মৌসুমে বিমানের ফ্লাইটসূচিতে বিপর্যয় দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
হজ ফ্লাইট পরিচালনায় গুরুত্ব দেয়ার কারণে বিমানের ফ্লাইটসূচিতে বিপর্যয়ের আশঙ্কা হাবসহ সংশ্লিষ্ট বিভিন্নজন করলেও তাতে কান দেয়নি বিমান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মঈনউদ্দিন খান বাদল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের গৃহীত পদক্ষেপগুলো দেখে মনে হওয়াটাই স্বাভাবিক যে, এ বিপর্যয়ের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল।”
এ জন্য তা খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের সচিব খুরশীদ আলম চৌধুরীকে নিয়ে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
“ফ্লাইট পরিচালনা করতে গেলে যে কোনো সময়ই বিপর্যয় হতে পারে, কিন্তু বিপর্যয় মোকাবেলার মতো বিমানের কোনো ধরনের প্রস্তুতিই দেখা যায়নি। এই কারণে একটি বিপর্যয় সৃষ্টি হয়, আর এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এসব বিষয় বিবেচনা করলে মনে হতেই পারে এ সঙ্কট কোনো বিশেষ কারণে সৃষ্ট ছিল,” মন্তব্য বাদলের।
ফ্লাইটসূচিতে বিপর্যয় সামলাতে গত ২৫ সেপ্টেম্বর বিমানবহরে যুক্ত হয় ইতালির বিমান সংস্থা ব্লু প্যানোরোমার ২৭২ আসনের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। তবে তা আনার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিমানের উচ্চ পদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী দরপত্রে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর সংক্ষিপ্ত তালিকা করে ওই প্রতিষ্ঠানগুলোর উড়োজাহাজ পরিদর্শন শেষে সরেজমিন প্রতিবেদন এবং উড়োজাহাজটির বিষয়ে আর্থিক লাভক্ষতির প্রতিবেদন পাওয়ার পরেই তা ভাড়ার অনুমোদন দেয়া হয়।
তবে এক্ষেত্রে এসব প্রতিবেদন ছাড়াই বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি ভাড়া নেয়ার অনুমতি বিমান পরিচালনা পর্ষদ দিয়েছে বলে জানান তিনি।
এছাড়াও দরপত্রের শর্তানুযায়ী, ভাড়া দেয়া উড়োজাহাজটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আনলে তা জানাতে হয়।
ব্লু প্যানোরামার বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি তাদের নিজস্ব বলে দরপত্রের নথিপত্রে দাবি করা হলেও তা আসলে আইএলএফসি নামের অন্য একটি প্রতিষ্ঠানের বলে ওই বিমান কর্মকর্তা জানান।
বিমানের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় বোয়িং ৭৬৭ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা নয়। তাই অভিযোগ উঠেছে, এই উড়োজাহাজটি ভাড়ায় ‘আনতেই’ বিমানের ফ্লাইটসূচিতে জট সৃষ্টি করা হয়।
এ বিষয়ে মঈনউদ্দিন খান বাদল বলেন, “যে উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, সেটি এই ধরনের একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় কেন আনা হল? কার স্বার্থে আনা হল? তা খুঁজে বের করতে হবে।”
বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন চেষ্টা করে হজের জন্য একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ আনতে তারা (বিমান) ব্যর্থ হল, আর হঠাৎ করে এত অল্প সময়ের মধ্যে একটি নতুন উড়োজাহাজ নিয়ে এল, বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না।”
“বোয়িং ৭৬৭ জাতীয় উড়োজাহাজ আগে কখনো বিমান বহরে ছিল না। এ মুহূর্তে এ উড়োজাহাজটি দিয়ে বিমান কী করবে, তাও স্পষ্ট নয়। বিমানের উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে উড়োজাহাজটি আরো আগে কেন এল না?” প্রশ্ন তার।
নতুন এ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় দক্ষতাও বর্তমানে বিমানের নেই বলে দাবি করেন পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য।
এয়ার আটলান্টার হঠাৎ চলে যাওয়া সন্দেহজনক বলে মনে হয়েছে কাজী ওয়াহেদের। তিনি বলেন, “একটি উড়োজাহাজ কোনো বিমানবন্দর থেকে টেকঅফ করতে হলে ব্যবহারকারী সংস্থার ছাড়পত্র ছাড়া তা অসম্ভব। বিশ্বের কোথাও এমন নজির নেই।”
ব্লু প্যানোরোমার উড়োজাহাজটি নিয়ে এসব অভিযোগ উঠলেও তা মানতে নারাজ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উড়োজাহাজ ভাড়া নেয়ার সব প্রক্রিয়া মেনেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করার জন্য এ মুহূর্তে বিমানের ২৬০ থেকে ৩০০ আসনের উড়োজাহাজ প্রয়োজন ছিল, এ কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়। ”
কয়েকটি উপকমিটির নিরীক্ষার পর পরিচালনা পর্ষদ এই উড়োজাহাজ ভাড়া করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
ব্লু প্যানোরোমা না জানিয়ে ভাড়া করা উড়োজাহাজ বিমানকে দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে বিমান চেয়ারম্যান বলেন, “এতে টেকনিক্যালি কোনো অসুবিধা নেই। উড়োজাহাজটি তারা (ব্লু প্যানোরোমা) আইএলএফসির কাছ থেকে ১০ বছরের জন্য ভাড়ায় ব্যবহার করছে। নিয়ম অনুসারে, তারা প্রয়োজনে এটি ভাড়াও দিতে পারে।”
নতুন উড়োজাহাজ আনার প্রক্রিয়াটি ‘পুরোপুরি’ স্বচ্ছতার সঙ্গে হয়েছে দাবি করে তিনি বলেন, “অনেকে পুরো বিষয় না জেনেই অনেক কথা বলেন। আমি তাদের অনুরোধ করব, বিমান কার্যালয়ে গিয়ে এ সংক্রান্ত নথিপত্র দেখুন। বিমান কোনো গোপন সংস্থা নয়, এর প্রত্যেকটি কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়াতেই হয়ে থাকে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এআই/১০২৭ ঘ.
bdnews24