২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুযোগ পেলে তারাও পারে’

রাজধানীতে এক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন অটিস্টিক শিশুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন অটিস্টিক শিশুরা। শুক্রবার রাজধানীতে অটিস্টিক শিশুদের বিভিন্ন বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। ‘সুযোগ পেলে তারাও পারে’ এ বার্তাই তারা যেন ছড়িয়ে দেয় নাচ-গানের মধ্য দিয়ে। হ্যানস নামের একটি সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে আরও অনেক অটিস্টিক শিশু উপস্থিত হয়। বন্ধুদের পরিবেশনায় মুগ্ধ হয়ে করতালিতে অনুষ্ঠানকে মুখরিত করে রাখেন তারা। অটিস্টিক শিশুদের একজন ১০ বছর বয়সী হামীম ইশফার কিবোর্ড বাজিয়ে দর্শকদের মুগ্ধ করে। রোহানি (৮) নামের এক অটিস্টিক শিশুর মা শরীফা বেগম কনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটিজম নিয়ে সম্প্রতি যেসব কর্মকাণ্ড হয়েছে তাতে এ বিষয়ে জনসচেতনতা বেড়েছে। কিন্তু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখনো দুশ্চিন্তায় আছেন তারা। “তাদের এখন বাবা-মা ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু যখন আমরা থাকবো না তখন তাদের কী হবে?” অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে হ্যান্সের চেয়ারম্যান সোহরাবুল হোসেন সোহেল বলেন, “আমরা দেখানোর চেষ্টা করি যে, তাদেরও মেধা আছে এবং আমরা সুযোগ দিলে তারাও নিজেদের সেরাটা দিতে পারে।” সরকারি হিসাবে বাংলাদেশে দেড় লাখ অটিস্টিক শিশু রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এসইউ/২২৫১ ঘ.