২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের জন্মদিন ঘিরে নুহাশপল্লীতে বৃক্ষ রোপন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনকে সামনে রেখে নূহাশপল্লীতে বৃক্ষ রোপন শুরু করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গাজীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনকে সামনে রেখে নূহাশপল্লীতে বৃক্ষ রোপন শুরু করেছে তার পরিবার। শুক্রবার দুপুরে এখানে আটটি ঔষধি গাছ লাগিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, মাওনের মা তহুরা আলী, বাবা মোহাম্মদ আলী, বিপন্ন উদ্ভিদ গবেষক ও সংরক্ষক অধ্যাপক আখতারুজ্জামান। আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন। তার আগেই ৬৪টি গাছ লাগানো হবে বলে জানান মোহাম্মদ আলী। শুক্রবার দুপুরে শাওন ও তার বাবার পরিবারের লোকজন নুহাশপল্লীতে আসেন। হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও বৃক্ষ রোপনের পর বিকালে তারা ঢাকা ফিরে যান। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, হুমায়ূনের স্মৃতি রক্ষার্থেই এসব বিলুপ্ত প্রজাতির ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর আগে ৪ অগাস্ট হুমায়ূন আহমেদের কবরের পাশে ও নুহাশপল্লীর প্রধান ফটকের পাশে ‘তালি পাম’ গাছের দু’টি চারা রোপন করা হয়। শুক্রবার সেখানে বুড়িপাম, বাঁশপাতা, কাক লিচু, মাস মাসুন্ডাসহ আটটি ঔষধি গাছ লাগানো হয়েছে। চিকিৎসা চলাকালে গত ১৯ জুন নিউইয়র্কে হুমায়ূন আহমেদ মারা যান। ২৪ জুলাই তাকে নিজ হাতে গড়া নুহাশল্লীর লিচু বাগানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৫ ঘ.