২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ওড়ে না জাতীয় পতাকা

বিশেষ দিবস ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলে ওড়ে না গৌরবের জাতীয় পতাকা। জানাচ্ছেন এস এম নাদিম মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

এস এম নাদিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়ে প্রশাসন ভবন-১। তিনতলা এই ভবনের সামনে ও ভবনের ছাদে রয়েছে পতাকা ওড়ানোর দণ্ড। তবে সেখানে সচারচর ওড়ে না জাতীয় পতাকা। খালি পতাকা দণ্ড দেখা যায় অন্যান্য ভবন ও প্রায় সব আবাসিক হলগুলোতেও। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলছেন, বিষয়টি তিনি সেভাবে খেয়াল করেননি। ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রশাসনিক ভবন ছাড়াও রয়েছে ১৬টি হল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই ১৬টি হলের মধ্যে ১৫টিতেই ওড়ানো হয় না জাতীয় পতাকা। সে কারণে বাঁধাই করা বেদিতে দাঁড়িয়ে থাকা দণ্ডটি ফাঁকাই থাকছে নিয়মিত। একমাত্র ব্যতিক্রম শহীদ হবিবুর রহমান হল। পতাকা ওড়ানোর জন্য প্রতিটি হল ও প্রশাসনিক ভবনে একজন করে কর্মচারীও রয়েছেন, যার এই দায়িত্ব পালন করার কথা। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহমান বলছেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী প্রতিটি হলের প্রাধ্যক্ষ একজন সরকারি কলেজের অধ্যক্ষ এবং প্রতিটি হল একটি সরকারি কলেজের মর্যাদাসম্পন্ন। সে হিসাবে এসব স্থানে প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা ওড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। আইনজীবী মনজিল মোরশেদের কাছ থেকেও একই অভিমত পাওয়া গেছে। বিভিন্ন জাতীয় দিবসে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনে লাল-সবুজের পতাকা ওড়ানো হলেও আবাসিক হলগুলোতে তা দেখা যায় না- এমন অভিযোগ শিক্ষার্থীদেরও। অবশ্য শহীদ শামসুজ্জোহা আবাসিক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার এ অভিযোগ অস্বীকার করে বলেন, “বিভিন্ন জাতীয় দিবসে হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে এবার বিশ্ববিদ্যালয় দিবসে (৮ জুলাই) প্রক্টর অফিস থেকে জাতীয় পতাকা দেয়ার কথা থাকলেও তা এখনো আসেনি। “তাছাড়া কর্মচারীরা আমাদের কথা মানতে চায় না। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পতাকা উত্তোলন করতে বলেছি।” বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলে নিয়মিত পতাকা উত্তোলন না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রাণ-রসায়ন ও অণু প্রাণ বিভাগের শিক্ষার্থী পলাশ চন্দ্র কর্মকার, হাসানুল করিম, শাহাঙ্গীর বিশ্বাস জানান, স্কুল, কলেজে নিয়মিত জাতীয় পতাকা ওড়াতে দেখেছি। অথচ এখন বিশ্ববিদ্যালয়ে এসে দেখি চিত্র ভিন্ন। এসব বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পতাকা উত্তোলন করা হয় কি না তা আমি দেখিনি।” জাতীয় দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করার কথা জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/সিএস/এএল/২০০৪ ঘ.