২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকের ৪০ বছর পূর্তিতে আলোকচিত্র প্রদর্শনী

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ভিশন অব এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ধানম-ির দৃক গ্যালারিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ভিশন অব এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে ধানম-ির দৃক গ্যালারিতে। শুক্রবার বিকালে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্র্যাক, জামালপুরের স্বাস্থ্যকর্মী সুমেলা খাতুন। এর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পরিচালক ফস্টিনা পেরেরা সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, “এই প্রদর্শনী মূলত ব্র্যাকের ৪০ বছরের অগ্রযাত্রার একটি চিত্র। আমরা এখানে আলোকচিত্রের মাধ্যমে নারীর ক্ষমতায়নের একটা রূপ দেখানোর চেষ্টা করেছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, “এখানে ক্ষমতায়নের থেকে ক্ষমতার্জন কথাটি বেশি প্রযোজ্য বলে আমার মনে হয়। কারণ ক্ষমতায়ন কথাটির অর্থ কেউ ক্ষমতা দিচ্ছে। আর সে ক্ষমতা চাইলে কেউ ফিরিয়েও নিতে পারে। কিন্তু অর্জিত ক্ষমতা ফিরিয়ে নেয়ার ভয় কম।” তিনি আরো বলেন, গত ৪০ বছর ধরে ব্র্যাক এই নারীদের শিক্ষা দিচ্ছে, স্বাস্থ্য সেবা দিচ্ছে, গন্তব্য দেখিয়ে দিচ্ছে। আর এগুলোর ভিতর দিয়েই নারীরা তাদের ক্ষমতা অর্জন করছেন। ব্র্যাককে বিশ্বের সবচেয়ে বড় এনজিও আখ্যায়িত করে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্র্যাক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইনভেস্টমেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ. (রুমী) আলী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা- এই তিনটি একত্রিত হলে ক্ষমতা অর্জিত হয় বা ক্ষমতায়ন হয়। ব্র্যাকের প্রতিটি প্রকল্পই এই পদ্ধতি অনুসরণ করে চলে। এ প্রদর্শনীকে মূূলত ব্র্যাকের দীর্ঘ ইতিহাস পরিক্রমায় দরিদ্র ও নিগৃহীত নারীদের ‘এগিয়ে আসার আলেখ্য’ অভিহিত করে উন্নয়ন সংস্থাটির স্ট্র্যাটেজি, কমিউনিকেশন ও ক্যাপাসিটির সিনিয়র পরিচালক আসিফ সালেহ জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রথাগত রক্ষণশীল ধারা থেকে নারীদের বেরিয়ে আসার চিত্র এখানে স্থান পেয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলোকচিত্রী শহীদুল আলম। আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২০০৬ ঘ.