২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নববধূর রহস্যজনক মৃত্যু

সিলেট নগরীর টিলাগড় এলাকার একটি বাসা থেকে ফাঁস লাগানো অবস্থায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর টিলাগড় এলাকার একটি বাসা থেকে ফাঁস লাগানো অবস্থায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিপা রাণী দের (২৫) লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিপার স্বামী ভূবন পুরকায়স্থ পলাতক রয়েছেন। ভূবন পুরকায়স্থয়ের বাড়ি গোয়ালাবাজার থানার কুষ্টিপুর গ্রামে। নিপার পরিবারের দাবি, তাকে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আইয়ুব জানান, নিহত নিপা রাণী কালাশীল জাহাজ বিল্ডিংয়ের বাসিন্দা এবং লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের পড়তেন। দুইমাস আগে তার বিয়ে হয়। নিপার গ্রামের বাড়ি জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামে। তার বাবা হবিগঞ্জের কোর্ট পরিদর্শক জীবন কৃষ্ণ দে। নিহতের মা অঞ্জুলী রাণী দে জানান, মেয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে না পেরে সন্ধ্যার দিকে তার বাসায় গিয়ে তিনি দেখতে পান মেয়ের লাশ ঝুলছে। তিনি বাসায় পৌঁছামাত্র ভূবন জয় দ্রুত বাসা থেকে পালিয়ে যায়। বাসার নিরাপত্তা প্রহরী আব্দুল হান্নান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে চিৎকার দিয়ে ভূবন জয় দাসকে দৌড়ে পালিয়ে যেতে তিনি দেখেছেন। পরে তিনি বাসায় গিয়ে লাশ দেখতে পান। নিহতের ছোটভাই অনিক কুমার দে জানান, তার বোনের সঙ্গে স্বামী ভূবন জয় দাসের কয়েকদিন ধরে কলহ চলছিল। গত বুধবারও ভূবন নিপাকে মারধর করেছেন। শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, এখনও লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এটি আত্মহত্যা না হত্যা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০২ ঘ.