ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসকে দেশের ইতিহাসের একটি লজ্জাজনক ঘটনা অভিহিত করে এই অপরাধে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে মন্ত্রী বলেন, “সরকার রামুর ঘটনাকে জাতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে মনে করছে। এঘটনায় জড়িতদের চিহ্নিত করার আগ পর্যন্ত সরকারের তৎপরতা অব্যাহত থাকবে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ বসতিতে হামলা চালায় ধর্মীয় উগ্রপন্থীরা।
রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও ধর্মীয় স্থাপনাগুলো পুনর্র্নিমাণ করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এঘটনায় সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ওই সব দেশে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “কয়েকটি দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন। সেখানে আমাদের কয়েকটি কূটনীতিক ভবন সহিংস আক্রমনের শিকার হয়েছে।”
রামুর ঘটনায় বিদেশি সরকারগুলোর উদ্বেগের সরকারও সমব্যর্থী জানিয়ে দীপু মনি বলেন, ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্তদের রক্ষায় সরকারের পদক্ষেপে কোনো কমতি নেই।
“আমরা সহিংসতার ঘটনায় তদন্ত ও পর্যবেক্ষণের প্রতিবেদন আন্তর্জাতিক মহলকে জানাব এবং বিশ্বের যে কোনো প্রান্তে ঘটা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নেয়া পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে,” বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি যে কোনো ধরনের বিপত্তিকর কর্মকাণ্ড রামুতে চলমান তদন্ত কাজে ও পরিস্থিতির উন্নয়নে বাধা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন দীপু মনি।
তিনি বলেন, সে কারণে ওই এলাকায় কূটনীতিক তৎপরতার ক্ষেত্রে সংযম অবলম্বন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএ/এমআই/২১৫১ ঘ.
bdnews24