ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পেয়েছেন চারদলীয় জোট সরকারের সময়ের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
শুনানি শেষে এ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের এ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের পেশকার ইফতেখার আহমেদ।
গত ১৪ অগাস্ট মোশাররফ বিচারপতি মীর হাসমত আলী ও জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ থেকে ৮ সপ্তাহের জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে তিনি বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মোশাররফ ও নাইকো রিসোর্সের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে আসামীরা ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার আদান-প্রদান করেছেন। মোশাররফ গাড়ির নিবন্ধন বাবদ ২৩ হাজার ৮৩৫ টাকা এবং বিদেশে (কানাডা এবং আমেরিকায়) ভ্রমণের জন্য ৫ হাজার কানাডিয়ান ডলারের আর্থিক সুবিধা নিয়েছেন।
চলতি বছরের ২ অগাস্ট এ মামলায় দুদক অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১৪৩ ঘ.
bdnews24