২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘুর্ণিঝড় কবলিত ঊপকূলীয় এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় কবলিত ঊপকূলীয় এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে উপকূলীয় জেলা নোয়াখালী ও ভোলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। ঝড়ে ভোলার মনপুরা, চরফ্যাশন এবং নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচ শতাধিক জেলে ও অর্ধশতাধিক মাছধরা নৌকা নিখোঁজ রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ে হতাহতের খবর শোনার পর থেকেই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের কাছ থেকে পরিস্থিতির সার্বক্ষণিক খবর নিচ্ছেন এবং সময়মতো তাদের নির্দেশনা দিচ্ছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা ও পুনর্বাসনে তাদের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, ঝড়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের কষ্টসহিষ্ণু মানুষ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, দুর্যোগকবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সব কিছু গড়ে তুলতে সক্ষম হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এএইচ/২১১০ ঘ.