গাজীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর জেলা কারাগারের খুনের মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই হাজতি গাজীপুর সদর হাসপাতালে মারা যান বলে জানায় পুলিশ।
নিহত শাহজাহান মুন্সি (৪৩) যশোরের কোতয়ালী থানার বেজপাড়া গ্রামের ইউসুফ আলী মুন্সির ছেলে। তিনি জয়দেবপুর থানায় একটি খুনের মামলার আসামি ছিলেন।
জয়দেপুর থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে হঠাৎ করেই শাহজাহান বুকে ব্যাথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তিনি মারা যান। বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৪ জুন থেকে শাহজাহান একটি খুনের মামলায় কারাগারে ছিলেন। তার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পরেই শাহজাহান মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১০৩ ঘ.
bdnews24