গাজীপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাকের পিস রেট বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে চারটি কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে মাসিহাতা গ্রুপের শ্রমিকরা দাবি পূরণে কর্মবিরতি পালনের পাশাপাশি কারখানায় ভাঙচুরও চালায়। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে ওই চার কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, বুধবার কোনাবাড়ি এলাকায় মাসিহাতা গ্রুপের সোয়ান সোয়েটার কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতাদি দেয়া হয়। কিন্তু পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে মালের উৎপাদন দর কম দেয়া হয়েছে অভিযোগ করে উৎপাদন দর বাড়ানোর দাবি জানায়। তবে কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সোয়ান সোয়েটার কারাখানার ১নম্বর ইউনিটের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে জানালার কাঁচ ভাঙচুর করে কারখানা থেকে বের হয়ে যায়। ওই শ্রমিকরা একই গ্রুপের আরো তিনটি ইউনিটে গিয়েও শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে শ্রমিকরা কারখানা এলাকা ছেড়ে বাড়ি চলে যায় বলে জানান এসআই মোবারক।
এ ব্যাপারে মাসিহাতা গ্রুপের জিএম মো. হাফিজুর রহমান জানান, পিস রেট নিয়ে আলোচনায় বসার আগেই তারা কারখানা থেকে বের হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবারের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৭ ঘ.
bdnews24