২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দপ্তরবিহীন মন্ত্রী পদ’ চ্যালেঞ্জের রিট খারিজ

সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদের বৈধতা চ্যালেঞ্চ দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদের বৈধতা চ্যালেঞ্চ দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে আদালত বলেছে, কারো পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করতে হলে তাকে বিবাদী করে রিট করতে হয়। এছাড়া কারো পদ চ্যালেঞ্জ করা যায় না। আদালত আরো বলেছে, যে সার্কুলারের মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে, সেই সার্কুলার দেখে বোঝা যায় না যে, তিনি পদত্যাগ করেছেন। সেখানে বলা হয়েছে, তাকে এক দায়িত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেয়া হয়েছে। ড. তুহিন মালিক নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ‘দপ্তরবিহীন মন্ত্রী পদের’ বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ সেপ্টেম্বর এই রিট আবেদন করেন। রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেন তুহিন মালিক। একইসঙ্গে ওই পদে সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বন্ধের জন্য তিনি আদালতের অর্ন্তবর্তীকালীন নির্দেশনা চান। মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে মামলায় বিবাদী করেন তিনি। আদালতে তুহিন মালিক নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। তুহিন মালিক গত রোববারের শুনানিতে বলেন, সংবিধান অনুসারে কোনো মন্ত্রী কেউ পদত্যাগ করলে তা গ্রহণ না করার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। তাই তাকে রেলপথ মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন করার প্রজ্ঞাপনটি সঠিকভাবে হয়নি। পদত্যাগের পর কাউকে মন্ত্রী রাখতে হলে আবার শপথ দিতে হবে। ওইদিন আদালতে মুরাদ রেজা বলেন, “এ ধরনের রিটে কোন কর্তৃত্ব বলে সুরঞ্জিত সেনগুপ্ত ওই পদে রয়েছেন- মর্মে তিনি আবেদন করতে পারতেন। এতে সুরঞ্জিতকেও বিবাদী করা দরকার ছিল। কিন্তু এ সব করা হয়নি। ফলে এই রিট চলতে পারে না।” প্রজ্ঞাপনে পদত্যাগ বা পুনর্নিয়োগের কোনো কথা ছিল না বলেও আদালতকে জানান তিনি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, “মন্ত্রীদেরকে দপ্তর দেয়া হবে কি-না, তা একান্তই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটি রাজনৈতিক বিষয়। যে কোনো মন্ত্রী শপথ নেওয়ার পর সঙ্গে সঙ্গেই দপ্তর পেয়ে যান না। কয়েকদিন দপ্তরবিহীন থাকতে হয়। “দপ্তর না থাকা মানে কোন কাজ না থাকা নয়। মন্ত্রিপরিষদের একটি সম্মিলিত দায়িত্ব রয়েছে। তিনি সেই দায়িত্ব পালন করছেন,” যোগ করেন মুরাদ রেজা। ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় গত এপ্রিলে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সুরঞ্জিতের আবেদনে তাকে রেল মন্ত্রণালয় থেকে সরিয়ে ‘দপ্তরবিহীন’ মন্ত্রী হিসাবে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৩৫ ঘ.