২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি প্রেসিডেন্ট-এমডির আত্মসমর্পণ

মুদ্রা পাচারের দুই মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন ডেসটিনির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিনসহ তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন ডেসটিনি-২০০০ এর প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিনসহ তিনজন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী কবীর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ডেসটিনির ২২ কর্মকর্তার জামিন বাতিল করে দেয়। তাদের মধ্যে হারুন-অর-রশিদ, রফিকুল আমিন ও ডেসটিনির পরিচালক মো. হোসেন বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে বলে কবীর হোসাইন জানান। ২৭ সেপ্টেম্বর আদালত যে ২২ জনের জামিন বাতিল করে ‘এখতিয়ার সম্পন্ন’ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, তাদের মধ্যে ডেসটিনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মো. গোফরানুল হক, আবুল কালাম আজাদ ও মো. সাইদ উর রহমানও রয়েছেন। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় এই ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করেন। মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের সবাইকে জামিন দিলেও এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জামিনের ওই আদেশ বাতিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১০৪০ ঘ.