২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবক খুন

সিলেটের জালালাবাদ উপজেলা থেকে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জালালাবাদ উপজেলা থেকে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার আকিলপুর গ্রামে ওই বাড়ির শয়নকক্ষে ফখর উদ্দিনের (২৩) জবাই করা লাশ পাওয়া যায়। ফখর উদ্দিন ওই গ্রামের সুমন আলীর ছেলে। জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাজ্য প্রবাসী সুরুজ মিয়ার ওই দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষে তিনি ঘুমাতেন। ফখর উদ্দিন ছাড়া আরো দুইজন কাজের লোক এ বাড়িতে থাকেন। সুরুজ মিয়া ও তার পরিবারের সবাই যুক্তরাজ্যে থাকেন। এসআই সঞ্জিত দাস আরো বলেন, সকালে বাড়ির কাজের ছেলে মিলন এসে ফখরকে ডাকেন। কিন্তু সাড়া না পেয়ে কাচের জানালা দিয়ে ভেতরে দেখেন। ঘরে তার জবাই করা লাশ দেখে তিনি আশপাশের লোকজনকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সকাল থেকে বাড়ির অপর কাজের ছেলে আবুল পলাতক রয়েছেন। ঘটনার সঙ্গে আবুলের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সঞ্জিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.