২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্ঘটনা রোধে যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট আসছে’

পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ মেশিনটুলস ফ্যাক্টরিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিজিটাল নম্বর প্লেট তৈরির প্রকল্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, “এর ফলে কোনো গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়েও পার পাবেনা। এছাড়া গাড়িতে ভুয়া নম্বর প্লেট ও একই নম্বর একাধিক গাড়িতে ব্যবহারের প্রবণতাও রোধ করা সম্ভব হবে।” তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডিজিটাল নম্বার প্লেট বা রেট্রোরিফ্লেক্টিং ভেহিকেল নম্বার প্লেটে ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত থাকায় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং এর গতিবিধি সম্পর্কে জানা যাবে। ওবায়দুল কাদের বলেন, সিকিউরিটি ও সেফটির কথা বিবেচনা করে এ প্রকল্পের কাজ বাংলাদেশ মেশিনটুলস ফ্যাক্টরিকে দেওয়া হয়েছে। তারা দ্রুত কাজটি করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। ডিজিটাল নম্বর প্লেট চালুর যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মন্ত্রী আরো উল্লেখ করেন, বর্তমানে বিভিন্ন গাড়িতে বিভিন্ন সাইজের নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল নম্বর প্লেট চালু হলে সব গাড়ির নম্বর প্লেট এক মাপের হবে। ভুয়া ও আনফিট গাড়িতে নম্বর প্লেট ব্যবহারের প্রবণতাও কমে যাবে। তিনি বাংলাদেশ মেশিনটুলস ফ্যাক্টরিতে সকালে কারখানার কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে সরেজমিন প্রকল্পটি ঘুরে দেখেন। প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, গত ৩১ মে মেশিনটুলস ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের দায়িত্ব নেয়। ৩১ অক্টোবরের মধ্যে দশ হাজারের বেশি ডিজিটাল নম্বর প্লেট তৈরি করা সম্ভব হবে। নভেম্বর মাস থেকে পুরোদমে কাজ শুরু হলে প্রতিমাসে দুই লাখের বেশি ডিজিটাল নম্বর প্লেট তৈরি করা সম্ভব হবে। এর ফলে প্রায় এক বছরের মধ্যে দেশের সব গাড়িতে ডিজিটাল নম্বর প্লেট যুক্ত করা যাবে বলে তিনি মনে করেন। প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুর রহমান পিএসসি, প্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন চৌধুরী, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৩৩ ঘ.