২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ সম্পন্নের সুপারিশ

আগামী জুনের মধ্যে গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করে একে যান চলাচল উপযোগী করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী জুনের মধ্যে গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করে একে যান চলাচল উপযোগী করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। আগামী ৩০ জুনের মধ্যে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি এডভোকেট মো. রহমত আলী অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় কমিটি’র সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মো. আবুল খায়ের ভূঁইয়া, এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, মো. মনোয়ার হোসেন চৌধুরী, মো. আশরাফ আলী খান খসরু, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং আশরাফুন নেছা মোশারফ বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজের অর্থ বরাদ্দ ও ব্যয়, প্রকল্প পরিচালক নিয়োগ এবং বিভিন্ন তথ্য উপাত্তসহ সার্বিক কাজ সম্পাদন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। বৈঠকে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. সাদেক হোসেন খোকার সময়ে ( ২০০৯ সালের ০১ জুলাই থেকে আগের সাত বছর) কর্মকর্তা/কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি ও সার্বিক কার্যক্রম বিষয়ে অনিয়ম/অভিযোগ তদন্তে গঠিত কমিটির মেয়াদ বাড়ানো হয়। কমিটির সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরীকে আহবায়ক এবং মো. আবুল খায়ের ভূঁইয়া, এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, মো. আশরাফ আলী খান খসরু ও মোস্তফা জালাল মহিউদ্দিনকে সদস্য করে গঠিত পাঁচ সদস্যের সাব-কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এছাড়া বৈঠকে সাবেক ঢাকা সিটি কর্পোরেশনে গাড়ি পার্কিং, মার্কেট নির্মাণ ও দোকান বরাদ্দে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কমিটি’র সদস্য হুইপ নূর-ই-আলম চৌধুরীকে আহবায়ক এবং মো. আবুল খায়ের ভূঁইয়া, এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, মো. আশরাফ আলী খান খসরু ও মোস্তফা জালাল মহিউদ্দিনকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট সাব-কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানবসম্পদ) ও কমিটি সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২১৫ ঘ.