ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রতিশ্রুত একশ’ কোটি ডলার ঋণের মধ্যে অনুদান হিসেবে দেয়া ২০ কোটি ডলার ব্যবহারের বিষয়ে বাংলাদেশকে নির্দেশনা দেবে প্রতিবেশি এই দেশটি।
বুধবার পরিকল্পনা কমিশনে এই ঋণের তৃতীয় পর্যালোচনা সভা শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আসিফুজ্জামান বলেন, “১০০ কোটি ডলার ঋণের মধ্যে ২০ কোটি ডলারকে অনুদান হিসেবে রূপান্তর করা হয়েছে। বাংলাদেশ ওই তহবিল কিভাবে ব্যবহার করতে পারে সে বিষয়ে একটি নির্দেশনা দেবে ভারত।”
এর আগে গত জুনে নয়া দিল্লিতে এই ঋণের দ্বিতীয় পর্যালোচনা সভা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাধিকা লোকেশের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল সোমবার ঢাকা এসেছেন। মঙ্গলবার তারা আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন করেন।
আসিফুজ্জামান জানান, আশগঞ্জ কনটেইনার টার্মিনাল পোর্ট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে নয়া দিল্লি।
মূল ভূ-খণ্ড থেকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য দীর্ঘ দিন ধরে আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি চাইছে ভারত।
২০১০ সালের অগাস্টে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে ভারত ও বাংলাদেশ। প্রথমে এই ঋণের সুদ এক দশমিক ৭৫ শতাংশ ধরা হলেও এ বছর তা কমিয়ে এক শতাংশে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এসইউ/১৭০৬ ঘ.
bdnews24